ব্যাটার র্যাংকিংয়ের এক নম্বরে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় শীর্ষস্থান খুইয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তবে খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো পাকিস্তান সেমিফাইনালে খেলে দাপুটে জয় পেয়েছে। যেখানে আগ্রাসী এক ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে কুড়িয়ে পাওয়া সুযোগটা লুফে নিয়ে খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা রিজওয়ান এমন ইনিংস দিয়ে যেন ফিরে এলেন স্বরূপে।
গত সেপ্টেম্বরে ১০ টি–টোয়েন্টি খেলে ৭ ফিফটি করেছিলেন রিজওয়ান। অথচ বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পেয়েছেন টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে। সেটাও আবার সেমিফাইনালের মতো মঞ্চে!
রিজওয়ান কি কখনো এমন ভেবেছিলেন? সুপার টুয়েলভে প্রত্যাশা অনুযায়ী রান না পেলেও পরিশ্রমের ওপর বিশ্বাস ছিল সব সময়ই। বাকি ভরসাটা রেখেছেন স্রষ্টার ওপর, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন।’
আজকের ইনিংসে একটা পরিকল্পনা ছিল জানিয়ে রিজওয়ান বলেন, ‘পিচ খেলার জন্য সহজ ছিল না। তবু সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন বলে আক্রমণ শুরু করব। এরপর পাওয়ার–প্লেটা যখন খেলে ফেললাম, সিদ্ধান্ত নিই একজনকে শেষ পর্যন্ত থাকা দরকার।’
