প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে সতর্ক হতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০২:৫৯ এএম

পাবলিক পরীক্ষায় এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে, তা আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বুধবার জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

দীপু মনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার যে বিষয়টি অবহেলাজনিত না, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয়, দুটির কোনোটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে, প্রশ্ন একজন সেট করেন, আরেক জন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারও দেখার সুযোগ থাকে না। আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন, তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরও কেউ যদি এটা করেন, সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।’

সংগঠনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার, অধ্যাপক শহীদুল্লাহ্ শিকদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত