আড়াইহাজারে ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২:২০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মো. রবিউল ইসলামকে (৪২) জেলার আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেপ্তার রবিউলের বাড়ি ফতুল্লায়।

গতকাল শুক্রবার দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা জানান, ২০০৫ সালের ৩ জুন জেলার ফতুল্লা থানার লক্ষ্মীনগর এলাকায় ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। হত্যার দুদিন পর শিশুটির লাশ গ্রামের ধইঞ্চা ক্ষেতে পাওয়া যায়। পরে এটি ফতুল্লা থানার চর রাজাপুর গ্রামের আকতার হোসেনের মেয়ে আফসানা আক্তার নিপার (১১) লাশ বলে শনাক্ত হয়। এই ঘটনায় নিহতের বাবা ফতুল্লা থানায় মামলা করেন।

এ মামলায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ১৮ অক্টোবর চারজনকে মৃত্যুদ- ও একজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়।

মামলার রায় ঘোষণার পর থেকে আসামি রবিউল আত্মগোপনে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত