নওগাঁর ধামইরহাট উপজেলায় বাড়িতে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই তরুণের নাম গণেশ সিং (১৭)। তিনি সিংগারুল গ্রামের গ্রামপুলিশ বিজেত সিংয়ের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্রাজিলের সমর্থক গণেশ সিং দুপুরে তাদের বাড়িতে ব্রাজিলের পতাকা তুলছিলেন। এসময় পাশের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।
