মেলবোর্নে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামীকাল বেলা ২টায় পাকিস্তানের বিপক্ষে ফাইনালে লড়াই করবে ইংল্যান্ড। শিরোপা জিততে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত বাবর আজমরা। অন্যদিকে ইংলিশ অধিনায়ক জস বাটলারও সমীহ করছেন তাদেরকে। তার ভয় যেকোনো মোড় ঘুরিয়ে দিতে পারা পাক বোলারদের পেসারদের নিয়ে।
বাটলার নিশ্চিত পাকিস্তানের এই দলের কেউ কেউ ক্যারিয়ার শেষে কিংবদন্তিদের তালিকাতেই স্থান পাবেন। আর সেটি হতে হলে অবশ্যই বড় একটি উপলক্ষ হতে পারে আগামীকালের মঞ্চ। পাকিস্তানের কোনো পেসার যদি কাল এই ফাইনালের মঞ্চ রাঙাতে পারেন, নিশ্চিতভাবেই পরের ধাপের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। তবে তাদের রুখতে ছক সাজাবে ইংলিশরাও।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের বোলিং নিয়ে জানতে চাইলে বাটলার বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই পাকিস্তান দুর্দান্ত একটি দল। তাদের দুর্দান্ত সব ফাস্ট বোলার তৈরির ইতিহাস আছে। আমরা যে দলের বিরুদ্ধে খেলব, তাদেরও আলাদাভাবে দেখছি না। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষ দিকে, যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি, তাদের কাউকে কাউকে পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণ করা হবে। দলটি যে ফাইনালে, এর বড় একটি কারণ তারাই।’
বাটলার আরও যোগ করে বলেছেন, ‘আমি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি আমরা অনেক খেলেছি। দারুণ কিছু ম্যাচে আমাদের মধ্যে হয়েছে। দারুণ উদ্দীপনায় আমরা খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’
