গোপালগঞ্জে মাদক মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।
আজ রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন- সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার। এর মধ্যে রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেপ্তার করে।
পরে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন।
এর মধ্যে আসামি জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, রবিউল আলম ও এনামুল হক মামলাটি পরিচালনা করেন।
