বশেফমুবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১১:১২ পিএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির প্রতিবাদে ও উপাচার্যের অপসারণের দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। গত ১২ দিন ধরেই এসব দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

গতকালের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর মাহবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।

বক্তরা বলেন, আমরা ১০ দফা দাবি দিয়েছিলাম সেটা উপাচার্য উপেক্ষা করেছেন। দাবি বাস্তবায়ন হলেই আমরা ক্লাসে ফিরব। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি এবং কর্মসূচি চলবে।

উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকদের সব দাবি ১৫ নভেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ভিসি তো এমনিতেই চলে যাবে, আছে আর তিন চার দিন। অপসারণের দাবি না রাখার অনুরোধ করব শিক্ষকদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত