প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শিন্ডে। সোমবার মুম্বাইতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ছোট পর্দায় অভিনেতা হলেও হিন্দি ও মারাঠি ছবিতেও দর্শক তাকে দেখেছেন। ১৯৮৯ সালে শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ধারাবাহিক 'সার্কাস'-এর পরিচিত মুখ ছিলেন সুনীল। পরবর্তী সময়ে নব্বইয়ের দশকে একাধিক ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন তিনি।
পরিবার সূত্র জানায়, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। আজ এ দুঃসংবাদ শেয়ার করেন সুনীলের সহ-অভিনেতা রাজেশ তৈলং। 'শান্তি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেখানে সুনীলের ছেলের ভূমিকায় অভিনয় করতেন রাজেশ।
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে রাজেশ লেখেন, 'অসাধারণ অভিনেতা ছিলেন সুনীল। সেই সঙ্গে অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার সৌভাগ্য ছিল।'
'গুনাহ' (২০০২), 'সরফরোশ' (১৯৯৯), 'খলনায়ক' (১৯৯৩)- এর মতো বেশ কিছু হিন্দি ছবিতে সুনীলের উপস্থিতি দর্শকের মন ছুঁয়েছিল। সোমবার হিন্দি ছোট পর্দার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত অভিনেতার মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেন। সূত্র : ডিএনএ
