প্রথমবার অপুর সঙ্গে সায়মন, শুটিং দেখতে ভক্তদের ভিড়

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১০:৩৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর থানায় কৌরীচালা গ্রামে শুটিং শুরু হয়েছে অপু বিশ্বাসের প্রথম প্রযোজনায় আর সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’ সিনেমার সঙ্গে আছেন চিত্রনায়ক সায়মন সাদিক। সম্প্রতি গানের শুটিং শেষ করে চিত্রনাট্যের কাজ শেষ করছেন এই জুটি। ছবিটির পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস, ক্যামেরায় আছেন বিশ্বজিৎ দত্ত।

চলছে ক্যামেরার পেছন থেকে হাঁক ঢাঁক আর ‘ক্যামেরা রোলিং, অ্যাকশন।’ পুকুরের চালা দিয়ে দৌড়ে এলেন নায়ক সায়মন সাদিক। শঙ্কা আর ভয়মাখা চোখে তার দিকে তাকালেন অপু। অমনি ভক্তদের ভিড় শুরু হয়ে যায়।

অন্যদিকে শুটিং এ সায়মন বলে উঠলেন, “কি রে, এই সাত সকালে খবর দিলি?” ভয় জড়ানো গলায় অপু বললেন, “আমার কেমন যেন লাগছে। খুব ভয় হয়।” সায়মন কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, “আঁধার কেটে এই গ্রামে যেমন আলো ফুটছে, দেখিস একদিন আমাদেরও সব সমস্যা দূর হয়ে যাবে। আর আমি তোকেই বিয়ে করব।”

সায়মনের আশ্বাসে মনের মেঘ কাটতে শুরু করল অপুর। তখনই ‘কাট’ বলে পরিচালকের হাঁক। হইচই পড়ে গেল গোটা ইউনিটে। পতিত মাঠভরা গ্রামবাসীও হাততালি দিয়ে উঠলেন।

ক্যামেরা, ককশিট, সাইনবোর্ড পজিশন চেঞ্জে ব্যস্ত হয়ে পড়ল। অপু এগিয়ে এলেন মনিটরের দিকে। শটটা দেখে নিলেন এক পলকে।

নায়িকা অপু বিশ্বাস লাল শাড়ি সিনেমার প্রযোজকও। লম্বা বিরতি দিয়ে সিনেমায় ফেরা অপুর নায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সায়মন সাদিক। আরও আছেন শহিদুজ্জামান সেলিম, সুমিত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান আপু, শাহেদ আলীসহ অনেকে।

নতুন শট শুরু আগে পরিচালকের সঙ্গে দৃশ্য নিয়ে আলাপের ফাঁকে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, “টানা কয়েকদিন ধরে লাল শাড়ি সিনেমার শুটিং করছি। ৮০ শতাংশ কাজ শেষ। আজকের পর একটা গানের দৃশ্যায়ন বাকি আছে।”

প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্ব সামলাতে একটুও কষ্ট হচ্ছে না জানিয়ে অপু বলেন, 'ইউনিটের সবাই অনেক সাহায্য করছে। আমার আর্টিস্টরাও হেল্পফুল। ফলে একদমই চাপ অনুভব করছি না।'

মানিকগঞ্জের মানুষের ভালোবাসায়ও মুগ্ধ এই চিত্রনায়িকা। বললেন, 'এখানকার মানুষজন আমাদের আপন করে নিয়েছে। রোজ এটা সেটা রেঁধে নিয়ে আসে। একটু হলেও মুখে দিতে হয় তাদের আনা খাবার। আমার তো মনে হয়, মানিকগঞ্জ এসে ওজন বেড়ে গেছে।'

সিনেমাটি নিয়ে অপু বলেন, 'লাল শাড়ি তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানীর হারানো ঐতিহ্য তুলে ধরব এই সিনেমায়।'

সায়মন সাদিক বলেন, 'লাল শাড়িতে আমার চরিত্রের নাম রাজু। অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী। আমরা একই গ্রামে বসবাস করি। আমি তাঁতশিল্পী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প হারিয়ে যাচ্ছে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প আমরা সামনে নিয়ে আসব।'

এদিকে, অপু বিশ্বাসের সঙ্গে এটাই প্রথম সায়মনের সিনেমা। এই চিত্রনায়ক বললেন, 'অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই সহযোগী মনোভাব দেখিয়েছেন। আমরা ৮০ শতাংশ কাজ শেষ করেছি। বাকি কাজও সপ্তাহ খানেকের মধ্যে শেষ হবে।'

সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী সায়মন বলেন, 'যেহেতু গ্রামীণ ঐতিহ্য নিয়ে সিনেমাটা তৈরি। আমার বিশ্বাস দেশের সর্বস্তরের মানুষ সিনেমাটি দেখবে।'

২০২২-২৩ অর্থ বছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় অপু-জয় কথাচিত্র প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। পরিচালক সূত্রে এ বছরের শেষের দিকে মুক্তি দেওয়ার কথা জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত