জি২০ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র বৃষ্টি

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:৩১ এএম

ইন্দোনেশিয়ায় বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০ সম্মেলনের প্রথম দিন গতকাল মঙ্গলবার রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী ছাড়াও লিভিভ, পশ্চিমের রিউন, উত্তর-পূর্বের খারকিভ, মধ্যাঞ্চলের ক্রিভি রিহ ও পোলতাভা, দক্ষিণের ওদেসা এবং উত্তরের ঝাইতোমিরে রীতিমতো ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলায় কিয়েভে অন্তত একজন নিহত হয়েছেন বলে নগরীর মেয়রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি রুশ বাহিনী তাদের দখলে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চল থেকে পিছু হটার পর গতকালই প্রথম আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া এবং তা জি২০ সম্মেলন চলাকালে। অথচ এবারের জি২০ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে বক্তব্য রাখা সব নেতাই রাশিয়াকে এ যুদ্ধ বন্ধ করতে বলেছেন। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ভার্চুয়ালি এ সম্মেলনে বক্তব্য দেন। তিনি রাশিয়ার, ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ বন্ধে ব্যবস্থা গ্রহণে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি জি২০ জোটের ২০টি দেশ থেকে রাশিয়াকে বাদ দিয়ে এ জোটকে জি১৯ বলে উল্লেখ করেন। জেলেনস্কির ভাষণের জবাব হিসেবে মস্কো গতকাল হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছেন জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক।

গতকাল কিয়েভের প্রাণকেন্দ্রে অন্তত দুটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। হামলায় ইউক্রেনের অনেক অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর রাজধানীর অর্ধেক অংশে বিদ্যুৎ নেই। এদিন রাশিয়া ইউক্রেনে ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আরও অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়বে বলে এক ভিডিও বার্তায় দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

রাশিয়া বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে জানিয়ে জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেন, ‘রাজধানী কিয়েভসহ পুরো দেশের অবস্থাই গুরুতর। বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার কারণে বাধ্য হয়ে বিদ্যুৎ বন্ধ করে দিতে হয়েছে।’

ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত এবারের জি২০ সম্মেলনে ব্যস্ততার অজুহাত দেখিয়ে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বালিতে যান। তাকে নিয়ে বালিতে এবার নানান খবর শোনা যাচ্ছে। গত সোমবার সম্মেলনের আগের দিন প্রথমে শোনা যায় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরে ওই খবর ভুয়া বলে উড়িয়ে দেন তার সঙ্গে থাকা এক রুশ কূটনীতিক। পরে গতকাল সকালে ল্যাভরভ বালি ত্যাগ করেছেন বলে শোরগোল উঠে। তার পরপরই রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে। অবশ্য পরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ল্যাভরভ বালিতেই আছেন এবং গতকাল রাতে তিনি বালি ছাড়বেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত