বিএনপির হাতে দেশ তুলে দিতে পারি না : তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:৩৫ এএম

বিএনপি আবার ক্ষমতায় গেলে এ দেশকে সন্ত্রাসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি বাংলা ভাই তৈরি করেছিল, আবারও ক্ষমতা গেলে তারা এ দেশ সন্ত্রাসে পরিণিত করবে। বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের হাতে দেশকে তুলে দিতে পারি না।’

গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ যে উন্নয়ন, আজ যে অগ্রগতি, আজ যে ডিজিটাল বাংলাদেশ, এখান থেকে আবার তারা ২০-৩০ বছর আগের বাংলাদেশে নিয়ে যেতে চায়।’

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের খেটে খাওয়া মানুষের দল, অসহায় মানুষের দল, নির্যাতিত-নিপীড়িত মানুষের দল। এ দেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বঙ্গবন্ধু দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন। আজ জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন।

সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মো. শহিদুল ইসলাম বকুল এমপি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত