বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের প্রতিনিধি অফিস (ডিবিএস ঢাকা) চালু করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক। এর মধ্য দিয়ে বিশ্বের ১৯টি দেশে ব্যাংকটির প্রতিনিধি অফিস খোলা হবে। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত দুই দশক ধরে সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২১ সালে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আমদানি অংশীদার ছিল সিঙ্গাপুর; যেখান থেকে মোট আনুমানিক ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার (৩ দশমিক ২৩ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার) মূল্যের পণ্য আমদানি করা হয়। একইসঙ্গে, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও লজিস্টিকস এবং বন্দর খাতে শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম।
ডিবিএস ঢাকার প্রধান প্রতিনিধি হিসেবে তাহসিনা বানুকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০ বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তাহসিনা বানুর হোলসেল ব্যাংকিং, ট্রেড অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিং ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে কাজের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
ঢাকায় ডিবিএস ব্যাংকের প্রতিনিধি অফিস খোলার ব্যাপারে ডিবিএস’র গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং গ্রুপ, তান সু শান বলেন, ‘সিঙ্গাপুর যখন এ বছর বাংলাদেশের সৃ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে, আমরা মনে করি বাংলাদেশের মতো এমন দ্রুত বর্ধনশীল বাজারে বিনিয়োগ করার এটাই সঠিক সময়। দক্ষিণ এশিয়া ও এর বাইরেও, আন্তঃআঞ্চলিক বাণিজ্য করতে চায় ডিবিএস-এর এমন গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই, এ অঞ্চলে আমাদের গ্রাহকদের বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনায় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই প্রতিনিধি অফিস খোলা হবে।’
এখন বাংলাদেশে প্রতিনিধি অফিস খোলার মাধ্যমে দেশে ব্যাংকটির কার্যক্রম আরও বিস্তৃত হবে; একইসঙ্গে, বিশ্বজুড়ে ডিবিএস গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও মিড-টার্ম ভূমিকা পালন করবে ডিবিএস ঢাকা।
২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক ‘সেইফেস্ট ব্যাংক ইন এশিয়া’ পুরস্কার অর্জন করে ডিবিএস ব্যাংক। পাশাপাশি, এই আগস্টে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফাইন্যান্সিয়াল পাবলিকেশন গ্লোবাল ফাইন্যান্সের ‘ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করে ব্যাংকটি। ২০১৮ থেকে টানা তৃতীয়বারের মতো ম্যাগাজিনটির শীর্ষস্থানের এই সম্মানে ভূষিত হলো ব্যাংকটি।
