ভারতের আন্তর্জাতিক উৎসবে পুরস্কারের দৌড়ে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৪৬ এএম

২০ নভেম্বর গোয়ায় শুরু হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ভারতের ৫৩তম এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে আকরাম খানের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। ২৫ নভেম্বর এই উৎসবেই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানান নির্মাতা। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছে টিএম ফিল্মস। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। উৎসবে অংশ নিতে ২৪ নভেম্বর নির্মাতার সঙ্গে জয়া আহসান, সেঁওতি, দিব্য, সৌম্যসহ কয়েক শিল্পী গোয়ায় পৌঁছাবেন। উৎসব শেষে ২৮ নভেম্বর ঢাকায় ফিরবেন তারা। প্যারিসের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ফিল্ম, টেলিভিশন অ্যান্ড অডিওভিজ্যুয়াল কমিউনিকেশনের (আইসিএফটি) সঙ্গে যৌথভাবে প্রতিবছর একটি চলচ্চিত্রকে পুরস্কৃত করে ইউনেসকো গান্ধী মেডেল। এ পুরস্কারের দৌড়ে বাংলাদেশের ‘নকশিকাঁথার জমিন’ ছাড়াও আছে ভারতের ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘নানু কুসুমা’ ও ‘সাউদি ভেল্লাকা’; তাজিকিস্তানের ‘ফরচুন’; বুলগেরিয়ার ‘মাদার’; কানাডার ‘হোয়াইট ডগ’; ইরানের ‘নারগেসি’; ব্রাজিল-পর্তুগালের ‘পালোমা’। উৎসবের সমাপনী দিনে বিজয়ী সিনেমার নাম ঘোষণা করবে উৎসব কর্তৃপক্ষ। প্রতিযোগিতার বাইরে ‘সিনেমা অব ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশের আরও তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, নূর ইমরানের ‘পাতালঘর’ ও খন্দকার সুমনের ‘সাঁতাও’। গোয়ার এই চলচ্চিত্র উৎসবকে বলা হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর; শেষ হবে ২৮ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত