মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২-এর ঘোষণা

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৪৭ এএম

করোনা মহামারীর জন্য দুই বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ‘বিউটি উইথ পারপাজ’ সেøাগান নিয়ে মানুষের কল্যাণে কাজ করার চিন্তা থেকেই যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। আর এরই ধারাবাহিকতায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ খুঁজছে এমন নারীকে, যার আছে একক লক্ষ্য, অনন্য সৌন্দর্য এবং সারা বিশ্বে খুশির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা। যার উজ্জ্বলতায় পৃথিবী আলোকিত হবে, যার বুদ্ধিমত্তায় বিশ্ব বদলে যাবে ভালোর পথে। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজনের ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অফিশিয়াল  ফ্র্যাঞ্চাইজ ওমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, অর্গানাইজিং পার্টনার এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নেভিল ফেরদৌস হাসান, এশিয়াটিক থ্রি সিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের এবং মাইন্ডশেয়ারের এমডি মোরশেদ আলম। সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার প্রধান জুরি প্যানেল সদস্য সাদিয়া ইসলাম মৌ ও সারা যাকেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রাক্তন বিজয়ীরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। আগ্রহী প্রার্থীরা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফেইসবুক পেজ বা অফিশিয়াল ওয়েবসাইট  WWW.missworldbangladesh.com-এ গিয়ে নিবন্ধন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত