শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দুই আর্জেন্টাইন

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১০:৪০ এএম

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় জয়ের পরেও আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি থেকে গিয়েছিল। চোটের শঙ্কা ভাবিয়ে তুলেছিল কোচ লিওনেল স্কালোনিকে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন। নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। এ দুজনের বদলী হিসেবে দলে জায়গা পেয়েছেন থিয়াগো আলমাদা ও আনহেল কোরেয়াকে। এরই মধ্যে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন গঞ্জালেস। তবে হোয়াকিন কী কারণে ছিটকে গেছেন সেটি প্রকাশ করা হয়নি। দুজনই উইঙ্গার।

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার আগপর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

বদলি হিসেবে আসা আনহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলে ছিলেন। চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে ৪ গোল তার। অপর খেলোয়াড় আলমাদা জাতীয় দলে প্রথম ডাকই পেয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে। খেলেছিলেন হন্ডুরাসের বিপক্ষে। ২১ বছর বয়সী আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে লিগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। লুসাইলে ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপের অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত