ভারতের দিল্লির তাজ প্যালেসে গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় দুই দেশের মন্ত্রীর মধ্যে বাংলাদেশ-ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যা শূন্যে নিয়ে আসার লক্ষ্যেও আলোচনা হয় তাদের মধ্যে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সব ধরনেরর সহযোগিতা থাকবে বলে ভারতের পক্ষ থেকে আলোচনায় জানানো হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। ঠিক তেমনি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবে দুই দেশ।
ভারতের দিল্লিতে দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) তৃতীয় ‘নো মানি ফর টেরর’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, উপহাইকমিশনার মো. নুরল ইসলাম, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।
