পাঁচ শর্তে ঢাকায় নোরা ফাতেহিতে আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুমতিপত্রে ‘ক’ নম্বর শর্তে বলা হয়, ‘ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর এক দিন (যাতায়াত সময় ছাড়া) বাংলাদেশে আগমন/অবস্থান করে ডকুমেন্টারি শ্যুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।’
এসব শর্ত মেনে নিয়েই ‘উইমেন লিডারশিপ করপোরেশন’ শুক্রবার ঢাকায় নিয়ে আসে বলিউডের এই সুন্দরীকে। যদিও নোরা ঢাকায় আসার আগেই প্রতিষ্ঠানটির নামে শর্তভঙ্গের অভিযোগ ওঠে। নোরার আয়োজনের জন্য ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার করে টিকিট বিক্রি করে প্রতিষ্ঠানটি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন লঙ্ঘন করে নোরাকে আনা হচ্ছে বলেও অভিযোগ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিস্থিতিতে নোরা আসবেন, নাকি আসবেন নাÑ এ নিয়ে তৈরি হয় শঙ্কা। অবশেষে শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন নোরা। সন্ধ্যায় বলিউডের ‘দিলবার’ গানের তালে মঞ্চে ওঠেন নোরা ফাতেহি। তবে চিরায়ত নাচের স্টেপ্ট বা কোমর দোলাননি বলিউড এই সুন্দরী। তবে মঞ্চে হাজির হয়ে নারীদের নিয়ে কিছু কথা বলেন নোরা এবং নারীদের হাতে অ্যাওয়ার্ডও প্রদান করেন।
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের প্রধান ইশরাত জাহান মারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তাকে পারফর্ম করানো হয়নি। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’ এর আগে অনেক নাটকীয়তার পর নোরাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।
