খোয়াব দেখেন তাতে কিছু যায় আসে না : কাদের

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০১:১৪ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের কোনো বিকল্প নেই। ক্ষমতার পরিবর্তন নির্বাচনেই হতে হয়। তারা এখন ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। খোয়াব যত পারেন দেখেন। খোয়াবে দিবাস্বপ্ন কতজনই তো দেখে। দেখেন খোয়াব তাতে কিছু আসে যায় না।

গতকাল শনিবার বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক নাকি পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। তাহলে ফখরুল সাহেব এটা আপনার মাথায় ঢুকল কেমনে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দয়া করে দ-িত আসামি আপনার নেত্রীকে বাসায় রেখেছেন। লজ্জা করে না, গণঅভ্যুত্থান করবেন। নেত্রীর মুক্তির জন্য একটি মিছিলও করতে পারেননি। দেশনেত্রী বলতে বলতে আপনার মুখ থেকে ফেনা বের হয়। দেখতে দেখতে ১৩ বছর আমরা বলেছিলাম আন্দোলন হবে কোন বছর? মানুষ বাঁচে কয় বছর?

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, টেলিভিশনের পর্দায় সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। গাজীপুরে শুধু মহানগর আওয়ামী লীগের সম্মেলন আর সিলেটে ৫ জেলার মানুষ হাজির হয়েছে। তিন দিন আগে থেকে ঢল নামিয়েছে। কাঁথা, বালিশ, বিছানাপত্র, হাঁড়ি-পাতিল সব নিয়ে নেতাকর্মীরা সারা দেশ থেকে সিলেটে গেছে। যেখানে সমাবেশ সেখানে সাত দিন আগে থেকে রওনা হয়। খানাপিনা ভালোই চলছে। ভালোই আছে বিএনপি। ক্ষমতায় না থাকলে কী হবে এখনো তারা ভালোই আছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খেলা হবে, প্রস্তুত হয়ে যান গাজীপুর। ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।

সম্মেলন উপলক্ষে গতকাল সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা  রং-বেরংয়ের ক্যাপ, টি-শার্ট পরে এবং হাতে ব্যানার ও ফেস্টুন, বাদকদল সহকারে বিভিন্ন থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলের বাইরে অবস্থান নেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ওবায়দুল কাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থীর নাম পড়ে শোনান। পরে দলীয় প্রধান শেখ হাসিনার বরাত দিয়ে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক পদে আতাউল্লা মন্ডলের নাম ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত