পিটার হাস বললেন

মধ্যম আয়ের দেশে উত্তরণে এশিয়ায় এগিয়ে বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:৫২ এএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নতুন উদ্যোক্তা ও শিল্পয়ানের মাধ্যমে মধ্যম আয়ের দেশে উত্তরণে এশিয়ায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হয়েছে বাংলাদেশ। তারা তৈরি পোশাক খাতে বিশাল নারী কর্মী নিয়োগ করছে। ফলে নারীদের নেতৃত্বের ভূমিকার জন্য এখন কাজ করতে হবে।’

গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সঙ্গে ইউএস স্টেট ডিপার্টমেন্টের আওতায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত একাডেমি ফর উইমেন এন্ট্রাপ্রেনারসের (এডব্লিউই) একটি অনুষ্ঠানে পিটার হাস এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি যখন দেশের অর্থনীতিকে বৈচিত্র্য ও অগ্রগতিতে সহায়তা করে, তখন উদ্যোক্তাদের প্রয়োজন নতুন নতুন খাত বের করা বা টেকসই কাজ করা।

পিটার হাস বলেন, নারীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে, সম্মিলিতভাবে সেগুলো দূর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কারণ নারীদের পেশাগত উন্নয়নে বিনিয়োগ করার জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। তিনি বলেন, বাংলাদেশে ১৬ কোটি ৫০ লাখ মানুষের অর্ধেকের বেশি নারী।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখন মার্কিন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি। আর এই সময়ে আমরা বাংলাদেশকে দেখছি একটি বিশাল সম্ভাবনা ও প্রবৃদ্ধির দেশ হিসেবে। যেখানে তরুণ ও ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি রয়েছে।’

রাষ্ট্রদূত জানান, এডব্লিউইর অধীনে ৫০ জন বাংলাদেশি নারী উদ্যোক্তাকে জ্ঞান, নেটওয়ার্ক ও অ্যাকসেস দেওয়া হবে; যা তাদের সফল ব্যবসা চালু করতে সহায়তা দেবে। মার্কিন দূতাবাস বিভিন্ন জাতি, ধর্ম এবং যৌন পরিচয়ের প্রতিনিধিত্বকারী ১ হাজার ৬০০ আবেদনকারীর মধ্য থেকে ৫০ জন নারীকে বেছে নিয়েছে। এডব্লিউই প্রোগ্রাম জেন্ডার ইক্যুইটি অ্যান্ড ইকুয়ালিটি সম্পর্কিত মার্কিন জাতীয় কৌশলকে সরাসরি সমর্থন করে নারীদের অর্থনৈতিক সুযোগের প্রচার ও অর্থনীতিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সামর্থ্য ও সম্পদ নিশ্চিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত