সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:৫১ এএম

সম্প্রতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বিদেশি দূতদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ কোনো পরাধীন দেশ বা কলোনি নয়।’

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রিপর্যায়ের সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘রাষ্ট্রদূতরা শিষ্টাচার সম্পর্কে অবগত এবং এ কারণে এটি গ্রহণযোগ্য নয়। এখন আমরা পরাধীন দেশ বা কলোনি নই এবং এটি তাদের মনে রাখা উচিত। তারা রীতি অনুযায়ী ব্যবহার করবেন, এটাই কাম্য।’

একই সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে দেশের বিষয়ে জানতে চাওয়ার সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দুঃখের বিষয় যে আমাদের দেশের বিভিন্নজন অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চেয়ে থাকেন। এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজকে অথবা ভবিষ্যতে আমরা অবশ্যই এটি পরিবর্তন করব।’

যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করার সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোমেন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু রাষ্ট্রদূত হওয়ার পর তারা আমাকে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি।’

আইওআরএ সম্মেলন : আইওআরএর মন্ত্রিপর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আজ মঙ্গলবার ও কাল বুধবার কর্মকর্তা পর্যায়ের আলোচনার পর বৃহস্পতিবার মন্ত্রীদের সম্মেলন হবে। ২৩ সদস্য দেশ থেকে ১৬টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩৪ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মরিসাস সোমালিয়া, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া থেকে মন্ত্রিপর্যায়ের নেতারা অংশগ্রহণ করবেন। এ ছাড়া অস্ট্রেলিয়া, কমোরোস, ভারত, মালদ্বীপ, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, ইউএই, থাইল্যান্ড ও ইয়েমেন থেকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা সম্মেলনে অংশ নেবেন।  এ ছাড়া ডায়ালগ পার্টনার জাপানের একজন প্রতিমন্ত্রীও সম্মেলনে আসবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত