অনেক রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে তারা মন্তব্য করতে বাধ্য হন। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘একাধিক রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা যেসব বিষয়ে কিছুই জানেন না, সেসব বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।’
পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
রাষ্ট্রদূতদের প্রশ্ন করার ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চায় না। কারণ বিদেশি কূটনীতিকরা কিছু দিনের জন্য আসেন সম্পর্ক উন্নয়নের জন্য, নেতিবাচক কিছু বলতে নয়।’
বিএনপি তাদের সিলেট বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম নিয়ে নিজেরাই হতাশ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে তাকে আবারও নির্বাচিত করবে। কেননা দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন।’
জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।
