বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০২:৩৯ এএম

রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। নাদিম মোস্তফা বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর ১২টার দিকে নাদিম মোস্তফার রাজশাহী শহরের পাঠানপাড়া এলাকার বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যায়। কিছুক্ষণ পর তারা তাকে সঙ্গে করে নিয়ে যায়।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলার ঘটনা ঘটে। ওই মামলায় তিনি নিজেও আসামি ছিলেন। গত মার্চে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। এ মামলাতেই তাকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে।

বিকেলে নাদিম মোস্তফাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (পুঠিয়া) বিচারক মারফ আল্লামের আদালতে নেওয়া হয় নাদিম মোস্তফাকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত