বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে চুরির ভয়ে টাকা না রেখে ব্যাংকে রাখতে বলেছেন, কিন্তু সরকারের আশীর্বাদপুষ্ট ব্যাংক ডাকাতদের তিনি আটকাতে পারছেন না। ঘরে, ব্যাংকে, রাস্তায়, অফিসে, ভোটকেন্দ্রে সব জায়গায় চোর ডাকাত। পুরো দেশ আজ চোর ডাকাতদের কবলে।’
শনিবার (২৬ নভেম্বর) ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উজান কাশিয়ার চরে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও রবিশস্যের বীজ, সারসহ কৃষিপণ্য এবং ছাগল, মুরগি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) দোয়া, আলোচনা এবং কৃষকদের মাঝে সার, বীজ, ছাগল, মুরগি বিতরণের আয়োজন করে।
প্রিন্স বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন নিয়ে আওয়ামী লীগের একগুঁয়েমি ও ফ্যাসিবাদী দমন নিপীড়ন রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে আওয়ামী লীগের উচিত একগুঁয়েমি পরিহার করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করা। অন্যথায় পরিণতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে।’
কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও কৃষিপণ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, অ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
