তাইওয়ানে স্থানীয় নির্বাচনে চীনপন্থিদের জয়

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:৩৬ পিএম

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ব্যবসায়ীনির্ভর এবং চীনপন্থি হিসেবে পরিচিত বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থীরা। গত শনিবার তাইওয়ানের মানুষ ১৩টি কাউন্টি ও ৯টি শহরে মেয়র, সিটি কাউন্সিল সদস্য এবং অন্যান্য স্থানীয় নেতা নির্বাচনে ভোট দেয়। এতে ২১টি শহরের মধ্যে ১৩টিতেই বিপুল জয় পেয়েছে প্রধান বিরোধী দল কেএমটি। অন্যদিকে পাঁচটি শহরে সাফল্য ধরে রাখতে পেরেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। নির্বাচনে ক্ষমতাসীন ডিপিপির এই ভরাডুবিতে দলীয় প্রধানের পদ ছেড়েছেন স্বশাসিত দ্বীপটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট সাই এই নির্বাচনে তার দলের পক্ষে বেশি ভোট পড়বে বলে আশা করেছিলেন। কিন্তু ফলাফলে তা না হওয়ার তিনি বলেন, ‘নির্বাচনের ফল এমন হবে প্রত্যাশা করিনি। সব দায়দায়িত্ব আমার কাঁধে নেওয়া উচিত এবং আমি এখনই ডিপিপি প্রধানের পদ থেকে পদত্যাগ করছি।’ সাই চীনবিরোধী নেত্রী হিসেবে পরিচিত। বরাবরই পেইচিংয়ের ‘আধিপত্যের’ বিরুদ্ধে সোচ্চার তিনি। এর আগে ২০১৬ সালে তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। দ্বীপটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত