খুলনা জেলা আইনজীবী সমিতি

আওয়ামী লীগপন্থি প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:৪০ এএম

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। গত রবিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা  হয়। নির্বাচনে ১৪টি পদের সব কটিতেই জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা। তবে নির্বাচনের আগের দিন বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন ও প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ১ হাজার ৬০ ভোট পেয়ে সভাপতি ও  অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা ৯৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে এ কে এম মিজানুর রহমান ও শিরিন আক্তার পপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তমাল কান্তি ঘোষ, লাইব্রেরি সম্পাদক পদে কাজী সাইফুল ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান গাজী মিল্টন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে ওমর ফারুক রনি, সরদার আশরাফুর রহমান দিপু, এস এম আব্দুস সাত্তার, প্রজেশ রায়, মো. মনিনুর ইসলাম মনির, সাবিরা সুলতানা হ্যাপি ও খাদিজা আক্তার টুলু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, নির্বাচনে মোট ১ হাজার ৩৮৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ১৮৪ জন। গত রবিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে ওই দিন রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোল্লা লিয়াকত আলী। কমিশনের সদস্য ছিলেন মো. আহাদুজ্জামান ও নিমাই চন্দ্র রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত