চার দিনের সফরে আজ রবিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। তার এই সফরে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রের পুনর্বাসন নিয়ে আলোচনা হবে। সফরকালে তিনি কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিছুসংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী। প্রথম পর্যায়ে দেশটি বাংলাদেশ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা নেবে। এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। জুলিয়েটার সফরে বিষয়টি আলোচনায় আসতে পারে।
এ ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে নয়েসের। একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেওয়ায় বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ জানাবেন জুলিয়েটা ভ্যালস নয়েস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গা শরণার্থী ও জনবহুল দেশটির স্থানীয় জনগণকে সহায়তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার তুলে ধরতে তিনি বেসরকারি ও আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলোর কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন তিনি। সফরশেষে ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন। জুলিয়েটা ভ্যালস নয়েস ২০২২ সালে ৩১ মার্চ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
