ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে তাতে ধরা দেয়নি কাঙ্খিত জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ রানে পরাজিত হয়েছে টাইগ্রেসরা।
ডানেডিনে এদিন আগে ব্যাট করতে নেমে কিউই মেয়েরা নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অ্যামেলিয়া কের সর্বোচ্চ ৪৬ রান করেন। ৩০ বলে তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চারে। এছাড়া ৩৩ বলে চারটি বাউন্ডারিসহ ৩৭ রান করেন ম্যাডি গ্রিন।
চার ওভার বল ঘুরিয়ে ২২ রান খরচায় মারুফা নিয়েছেন দুটি উইকেট। এছাড়া রিতু মনি ও রোমানা আহমেদ নিয়েছেন একটি করে উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান খরচ করেছেন জাহানারা আলম। নিতে পারেননি কোনো উইকেট।
১৪৯ রানের জবাবে ব্যাট করতে ৮ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়রা। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া শারমিন আক্তার করেন ২২ রান। কিউইদের হয়ে হ্যালি জেনসেন ১২ খরচায় দুটি উইকেট নিয়েছেন।
