কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সব ঠিক থাকলে এ ম্যাচে দারুণ এক মাইলফলক গড়তে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার সংখ্যায় কিংবদন্তি কাফু ও দুঙ্গাকে ছুঁতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী সিলভা।
কাফু এবং দুঙ্গা বিশ্বকাপে ব্রাজিলকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। থিয়াগো সিলভা এখন পর্যন্ত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ জিতলেও গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। পরে গ্রুপের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল কোচ একঝাঁক ফুটবলারকে বিশ্রাম দেন। থিয়াগো সিলভারও তাদের একজন। তবে নকআউটের ম্যাচে ফিরছেন তিনি।
থিয়াগো সিলভা প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৪ সালে ঘরের মাঠে। এখন পর্যন্ত দেশের হয়ে ১১১ ম্যাচ খেলেছেন ইংলিশ ক্লাব চেলসিতে খেলা এই তারকা।
