সাতক্ষীরায় মোটরসাইকেল চাপা দিয়ে নিহত চালককে অর্ধ কিলোমিটার টেনে নিল ডলফিন পরিবহনের একটি বাস।
নিহত পলাশ বিশ্বাস (২৮) পেশায় ঔষধ কোম্পানির সরবরাহকারী। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কেষ্ট বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে সাতক্ষীরার নারকেলতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নারান চন্দ্র সরকার জানান, ডলফিন পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১০১৪৮) মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠে। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে টেনে হেঁচড়ে প্রায় ৫০০
মিটার দূর পর্যন্ত নিয়ে যায়। এসময় বাসটি একটি ভ্যানকেও চাপা দিলে সেটিও দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান জানান, পুলিশ চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
