ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের গাড়ি পরিবর্তনে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন করা যাবে না। পাশাপাশি ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়িও ন্যূনতম এ সময়ের আগে পরিবর্তন করা যাবে না। এর আগে ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি পাঁচ বছরের আগে পরিবর্তন করা যাবে না মর্মে নির্দেশনা ছিল। মূলত ব্যাংকের ব্যয় কমাতেই বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়, ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহারে নতুন নির্দেশনা কার্যকর হবে। এর আগে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর পরিবর্তন করার নির্দেশনা ছিল। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সংগতি রেখে তফসিলি ব্যাংকগুলোর পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম ৮ বছর ব্যবহার করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
