বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে উদ্বেগ ব্রাজিল দলে। ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও সেরে ওঠেননি চোট থেকে। এমনকি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার খেলার সম্ভাবনাও খুব কম।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। লুকা মদ্রিচদের বিপক্ষে ম্যাচটা সহজ মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য। সান্দ্রোর উপস্থিতি তাই জরুরি বলা যায়।
গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে বাঁ পায়ের পেছনের পেশিতে টান লাগে সান্দ্রোর। তাকে তুলে নেন কোচ তিতে। এত দিনেও সেই চোট সারেনি ব্রাজিলের নির্ভরযোগ্য লেফট ব্যাকের।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নামার আগে তিতে বলেছেন, ‘সান্দ্রোর যা পরিস্থিতি, তাতে খেলার সম্ভাবনা প্রায় নেই। ওর চোটের ধরনটা একটু আলাদা। আরও একটু সময় লাগবে। দলের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। ফিজিয়োথেরাপি করা হচ্ছে। ম্যাচের কয়েক ঘণ্টা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব।’
তিতে জানিয়েছেন নেইমার সম্পূর্ণ ফিট। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলতে না পারলেও শেষ ষোলোয় খেলেছেন তিনি। গোলও করেছেন। ব্রাজিল কোচকে স্বস্তি দিচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ডানিলোর চোট মুক্তিও।
