এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। গত শুক্রবার তারা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
অশোক লাভাসা এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিভাগের ইনচার্জ। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী ও গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এডিবি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় ও দক্ষতা বাড়াতে বিভিন্ন সময় প্রাণ গ্রুপকে অর্থায়ন করেছে। ২০১২ সাল থেকে এডিবি তিন দফায় প্রাণ গ্রুপে ৪৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয় ও কৃষি খাতে কর্মসংস্থান তৈরিতে দীর্ঘমেয়াদি এ ঋণ প্রদান করা হয়েছে। কৃষি খাতের উন্নয়নে আগামীতে আরো অর্থায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এডিবি। আর্থিক উন্নয়ন সংস্থা হিসেবে এডিবি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। প্রাণ উৎপাদন পর্যায়ে ৫০ শতাংশ নারী কর্মী নিয়োগ দিয়েছে, যারা পুরুষ কর্মীদের মতো একই হারে বেতন পান।
কারখানা পরিদর্শনকালে এডিবি প্রতিনিধিদল উৎপাদন প্রক্রিয়ার সার্বিক কর্মকা- দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। এ সময় তারা বাংলাদেশে অধিক কর্মসংস্থান তৈরি ও টেকসই ব্যবসায়ের জন্য আগামী দিনে প্রাণের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘এডিবির অর্থায়ন দেশের রপ্তানি বহুমুখীকরণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণে আমরা এডিবির কাছ থেকে আরও বেশি কারিগরি সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
