বিমানবন্দরে যাত্রী কর্মচারী হাতাহাতি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০১:০২ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় নিয়ে উত্তেজনা, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের শিডিউল বিপর্যয় নিয়ে ওই হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করে সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষ। পরে নভোএয়ার কর্র্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করেছে।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এজন্য যাত্রীরা সকাল থেকেই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু ঢাকা থেকে ফ্লাইটে আসতে বিলম্ব হচ্ছিল। পরে যাত্রীদের জানানো হয় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ফ্লাইট বিলম্বিত হবে। এর মধ্যে অন্য একটি বিমান সংস্থার উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে তা দেখে নভোএয়ারের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজিত যাত্রীদের শান্ত করতে সংশ্লিষ্টরা জানায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান মহড়া চলছে এ জন্য কিছুটা দেরি হবে। ১২টার আগে কোনো বিমান চলাচল করবে না। এ-সময় কয়েকজন উত্তেজিত যাত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। ফলে উত্তেজনা নিরসনে দিনাজপুরের পার্বতীপুরের ব্যবসায়ী জসিম উদ্দিন সরকার ও রংপুরের চিকিৎসক ডা. শরীফুল ইসলামকে আটকে রাখা হয়।

আটক যাত্রী জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, এক জরুরি মিটিং থাকায় ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু বিমান বিলম্বের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট ম্যানেজার আমাদের মারতে আসেন। নভোএয়ারের কর্মকর্তা-কর্মচারীরাও যাত্রীদের হেনস্তা করেছেন। আমাদের দুজনকে আটক রাখা হয়েছে। অথচ বাকি ৬২ জন যাত্রীকে বেলা ১২টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সন্ধ্যার আগে নভোএয়ারের হেড অব মার্কেটিং (অপারেশন) এ আর এম সাদাত সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলামকে নিয়ে বৈঠকে বসেন।  

সন্ধ্যা ৬টার দিকে এ আর এম সাদাত সাংবাদিকদের বলেন, যেহেতু তারা আমাদের সম্মানিত যাত্রী তাই আমরা বিষয়টি সহজভাবে নিয়েছি। তারা হয়তো আবেগে কিছু ভাঙচুর করেছেন। তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত। তাই বিষয়টি এখানে নিষ্পত্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত