এমন দুর্দান্ত আর্জেন্টিনার পেছনের কারিগর যারা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:৫৪ পিএম

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারটা বাদ দিলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার ওপায় নেই। দারুণ গতিতে এগিয়ে চলেছে দুইবারের চ্যাম্পিয়নরা। এরই মধ্যে যারা পৌঁছে গেছে সেমিফাইনালের মঞ্চে। লিওনেল মেসি এমন পারফরম্যান্স করছেন যে এই আর্জেন্টিনাকে আটকানো কঠিন। সেই সঙ্গে প্রশংসা করতে হবে দলটার কোচিং স্টাফদেরও।

আর্জেন্টিনার কোচিং প্যানেলে তারার মেলা। প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী হিসেবে রয়েছেন রবার্তো আয়ালা, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল। যারা সবাই আর্জেন্টিনা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন।

আয়ালার নামটা তো দেশটির কিংবদন্তির তালিকাতেই থাকে। আইমার-স্যামুয়েলও ফুটবলার হিসেবে ছিলেন বিশ্বমানের। স্কালনি যদিও খুব বেশি ম্যাচ খেলেননি। তবে তারা চারজনই আর্জেন্টিনা জাতীয় দলে ছিলেন মেসির সতীর্থ।

এই কোচদের কারও বয়সই পঞ্চাশ ছোঁয়নি। কিন্তু সব সময় তো আর বয়স বা অভিজ্ঞতাই সব সময়। আর্জেন্টিনার তারুণ্য নির্ভর কোচিং স্টাফ সেটিই দেখিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের মঞ্চে আসার আগে আর্জেন্টিনা দল যেমন টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল।

বিশ্বকাপের মঞ্চে এসে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার অপরাজেয় যাত্রার ইতি ঘটে। এরপর মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় পর্বে উঠে ১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ যেতা আর্জেন্টিনা। শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে হারায় ২-১ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে পা রাখে শেষ চারে।

আর্জেন্টিনার এমন দুরন্ত যাত্রায় তাদের কোচিং স্টাফের বড় ভূমিকা দেখছেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ সাইফুল বারী টিটু। দেশ রূপান্তরের বিশ্বকাপ আয়োজনে নিয়মিত কলামও লিখছেন তিনি। সাবেক এই ফুটবলার আর্জেন্টিনার কোচিং স্টাফ নিয়ে বলেন, ‘আর্জেন্টিনার কোচিং স্টাফ ইয়াং হলেও তাদের মস্তিষ্ক ভালো। গুড ব্রেইন। নেদারল্যান্ডসের সঙ্গে যেভাবে খেলল সেটা তো দুর্দান্ত। প্রতিপক্ষের ম্যাচ আপ করে তারাও ফাইভ ব্যাক খেলিয়েছে। ওই ফর্মেশনটা খুব কাজে লেগেছে আমার ধারণা। যে কারণে মেসিকে কেউ আটকাতে পারেনি। সব মিলিয়ে আমি বলব ওদের (আর্জেন্টিনা কোচিং স্টাফ) ব্রেইন আছে। প্রশংসা করতেই হবে।’

২০১৮ সালে মেসিদের প্রধান কোচের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। ৪৪ বছর বয়সী এই কোচ যখন দায়িত্ব নিলেন, তখন দলটার অবস্থা ছিল খুবই বাজে। সেখান থেকে তিনি কক্ষ পথে ফিরিয়ে আনেন দলকে।

স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নেন ২০১৮ সালের ২ আগস্ট। একই দিন তার সহকারী হিসেবে নিয়োগ পান পাবলো আইমার। ওই মাসেই ওয়াল্টারকেও দায়িত্ব দেওয়া হয়। আর আয়ালা দায়িত্ব পান পরের বছর জানুয়ারিতে।

স্কালোনির চেয়ে অবশ্য তার তিন সহকারীর খেলোয়াড়ি জীবনের প্রোফাইল অনেক উঁচু মানের। আয়ালা তো একশটিরও বেশি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে। আইমার ও স্যামুয়েল দুজনই খেলেছেন পঞ্চাশটির বেশি ম্যাচ। সেখানে স্কালোনি খেলেছেন মাত্র ৭ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত