শীত-যুদ্ধে আরও পশ্চিমা সহায়তা পাচ্ছে ইউক্রেন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০:৪১ পিএম

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে দেশটির পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা মঙ্গলবার জরুরি শীতকালীন সহায়তা হিসেবে পূর্ব ইউরোপের এই দেশটিকে অতিরিক্ত এই সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মূল উদ্যোক্তা কানাডা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রায় ৭০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা মঙ্গলবার প্যারিসে এক বৈঠকে জড়ো হয়। যার লক্ষ্য ছিল ইউক্রেনীয়দের ‘এই শীত পার করতে’ সক্ষম করা। এদিকে ক্রমবর্ধমান রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন তার পশ্চিমা অংশীদারদের কাছে বিমান প্রতিরক্ষার জন্য আবেদন জানিয়ে আসছে। মূলত রাশিয়াকে রুখতে ইউক্রেন যেসব সামরিক সহায়তা চায় তার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। বার্তা সংস্থাটি বলছে, স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ধেয়ে আসা মিসাইলকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়া প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত