মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ২১ শতাংশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ এএম

মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় সাড়া ফেলেছে। তৃণমূল পর্যায়ে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এ ব্যাংকিং সেবা। ক্রমেই মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বাড়ছে লেনদেন। সমানভাবে বেড়ে চলেছে গ্রাহক সংখ্যাও। এক বছরে এ ব্যাংকিং সেবায় লেনদেন বেড়েছে ২১ শতাংশ। এ সময়ে গ্রাহক বেড়েছে প্রায় ১৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের অক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৯৩ হাজার ১৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ হাজার ৭২৫ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে এই ব্যাংকিং সেবায় লেনদেন বেড়েছে ১৬ হাজার ২৮৮ কোটি টাকা বা ২১ দশমিক ২২ শতাংশ। অক্টোবর মাসের হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকা। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ২৮ লাখ টাকা।

অন্যদিকে, অক্টোবর শেষে নিবন্ধিত হিসাব বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৫৯৩টি। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৩৬৭টি। সে হিসেবে বছরের ব্যবধানে নিবন্ধিত হিসাবে বেড়েছে ২ কোটি ২৮ লাখ ৯৬ হাজারটি। অর্থাৎ বছরের ব্যবধানে নিবন্ধিত হিসাবে বেড়েছে ১৩ দশমিক ৯১ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অতিদ্রুত শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে সর্বত্রই টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় নতুন সম্ভাবনা এনে দিয়েছে। দেশের অর্থনীতিতে বিরাট এক গতি সঞ্চার করেছে মোবাইল ব্যাংকিংয়ের এই সেবা। একইসঙ্গে যোগ হয়েছে নতুন কর্মসংস্থান। এছাড়া সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করায় এই খাতের জনপ্রিয়তা আরও বাড়বে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম দেশ রূপান্তরকে বলেন, গ্রাহকরা এখন ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকছেন। ভবিষ্যতে এই প্লাটর্ফম আরও বড় হবে বলেও মনে করেন বিকাশের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিনের লেনদেন ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধের পাশাপাশি কেনাকাটাও করা যায়। সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদান, প্রবাসী আয় পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের শীর্ষে। কম খরচ ও দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে টাকা পাঠাতে প্রতিদিনই মোবাইল ব্যাংকিংয়ের জন্য হিসাব খুলছেন বিপুলসংখ্যক গ্রাহক। প্রতি মাসেই বাড়ছে গ্রাহকসংখ্যা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিং সেবায় মোট পুরুষ গ্রাহক ১০ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৮১৪ জন। অপরদিকে নারী গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৩১৬ জনে। এছাড়া মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩টি। মোবাইলে আর্থিক সেবায় এক মাসে ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে ২৫ হাজার ৮২৯ কোটি টাকা লেনদেন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ হয় দুই হাজার ৬৫৯ কোটি টাকা। বিভিন্ন পরিষেবার দুই হাজার ২৮৩ কোটি টাকার বিল পরিশোধ হয় এবং কেনাকাটায় তিন হাজার ৩৫৯ কোটি টাকা লেনদেন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত