বিজয় দিবসের কর্মসূচি

বগুড়ায় ছাত্রলীগের সংঘর্ষ, ঝিনাইদহে বিএনপিকে মারধর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৫৯ এএম

মহান বিজয় দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। এরমধ্যে বগুড়ায় ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও হাতাহাতি হয়েছে। সকালে শহরের টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের র‌্যালিতে অংশ নিতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। সকাল ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে বিজয় দিবসের কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের হামলায় আরেক পক্ষের এক কর্মী গুরুত্বর আহত হয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজয় দিবসে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা জাতীয় পতাকাসহ নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপরেই জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে কাক্সিক্ষত পদ না পাওয়া নেতাকর্মীরা সেøাগান শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা সেøাগান শুরু করলে কাক্সিক্ষত পদ না পাওয়া নেতাকর্মীরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া দেন। এ সময় দলীয় কার্যালয় ও সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে খোকন পার্কে শহীদ মিনারে ফুল দিতে যায়। এর কিছুক্ষণ পরেই আওয়ামী লীগের সভাপতি ও  সাধারণ সম্পাদক মিছিল নিয়ে সাতমাথা চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মিছিলে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ও তাদের অনুসারী নেতাকর্মীরা ছিলেন। এভাবে মিছিল-পাল্টা মিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে দলীয় কার্যালয়ে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত করেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে এক মাস নয় দিন পর দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নেন ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। এর আগে গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। এরপর থেকেই ছাত্রলীগের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় ছিল।

কালীগঞ্জে বিএনপির ওপর হামলায় আহত ৫ : কালীগঞ্জে হামলায় আহত বিএনপি কর্মী আজাদ হোসেন জানান, বিজয় দিবসের র‌্যালিতে অংশ নিতে যাওয়ার পথে রড ও লাঠি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে এলাকার লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে আহতদের। হামলার বিষয়ে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিজয় দিবস’ একটি জাতীয় অনুষ্ঠান। দেশের সব শ্রেণির মানুষ এই দিবসটি পালন করে। সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণের জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছিল। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। বিএনপি নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে।’

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, হামলার বিষয়ে তার কিছু জানা নেই।

জাককানইবিতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিজয় দিবসের র‌্যালিতে যেতে বলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তাওহিদ আহম্মেদ ডায়মন্ড নামে এক ছাত্রলীগ কর্মী। গতকাল জুম্মার নামাজের সময় বঙ্গবন্ধু হলের একুশে ব্লকের ৪র্থ তলায় নিজের ৪১৬ নম্বর কক্ষে হামলার শিকার হন তিনি। তাকে গুরুত্বর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ডায়মন্ডের অভিযোগ, ছাত্রলীগের র‌্যালিতে যেতে বলায় ২০-৩০ জন শিক্ষার্থী নিয়ে তার ওপর হামলা চালায় পাশের ৪১৭ নম্বর কক্ষে অনিবন্ধিত অবস্থায় থাকা মাসুদ নামে এক শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষের (২য় বর্ষ) একটি গ্রুপ এ হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘ঘটনা ঘটার খবর পেয়েই ঘটনাস্থলে যাই। আমরা ঘটনার স্থান সিলগালা করে রেখেছি। এখন পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি কারা হামলা করেছে। তবে কিছু নাম শুনেছি, যাদের বিষয়ে শিক্ষার্থীরাই অভিযোগ জানিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘তদন্ত কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলেছি। সেটি পেলেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন দিনে এমন বিশৃঙ্খল কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন বগুড়া, ঝিনাইদহ ও জাককানইবি প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত