ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের কারণে স্বনামধন্য কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইলন মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে এই স্থগিতাদেশ জারি করেন। পাশাপাশি, নিজেকে মুক্ত কথার সাংবাদিক বলে দাবি করেন মাস্ক।
অ্যাকাউন্ট স্থগিতের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারটা সাংবাদিকদের জন্যও প্রযোজ্য। এর আগে গত বুধবার মাস্কের ব্যক্তিগত জেট প্লেন ট্র্যাক করে থাকে এমন একটি প্রোফাইল বন্ধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেওয়া হয়।
এক টুইটে মাস্ক বলেন, ‘দিনভর আমার সমালোচনা ঠিক আছে, কিন্তু আমার চলাফেরার রিয়েল টাইম তথ্য প্রকাশ করে আমার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়া মানা যায় না।’
এদিকে, অ্যাকাউন্ট স্থগিত করাকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র। সিএনএন টুইটারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটারের জবাব দেখে সামাজিক যোগাযোগমাধ্যমটির সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে তা ঠিক করা হবে।
