ধর্ম, রাজনীতি ও দীপিকার কমলা বিকিনি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:২১ এএম

ভারতে এখন সবচেয়ে আলোচিত বিষয় বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনের কমলা রঙের বিকিনি! বিশ্বের অন্যতম জনবহুল দেশ, প্রাচীন সংস্কৃতির দেশ, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ একটি দেশের সবচেয়ে আলোচনার বিষয় যে ‘একজন অভিনেত্রীর অন্তর্বাস’ হতে পারে, সেটা কে কোন কুক্ষণে ভেবেছে! রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এ নিয়ে মাথাব্যথা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও। তা নিয়ে মেইনস্ট্রিম গণমাধ্যমে চলছে ঘণ্টার পর ঘণ্টা টক শো। কোথাও পোস্টার প্রজ¦ালন আবার কোথাও সিনেমা বয়কটের মিছিল!

ভারতের একটি গোষ্ঠী শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’কে প্রতিহত করতে চায়, আরেক গোষ্ঠী এই ছবির ট্রেলার বা গানে এমন কিছুই পাচ্ছে না, যার কারণে ছবিটি দেখা থেকে তারা বঞ্চিত হতে পারে! মূলত ‘পাঠান’-এর বেশরম রং গানে অনেকগুলো বিকিনির মধ্যে একটি বিকিনির রং কমলা হওয়ায় বিপত্তির সূত্রপাত। তারা বলছে, হিন্দুধর্মের প্রতীক হিসেবে গণ্য কমলা রংকে ‘বেশরম রং’ বলায় এবং সেই রঙের স্বল্প পোশাকে নারীকে উপস্থাপন করায় হিন্দুধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। কিন্তু অনেক ভিডিওতে দেখা গেছে, সাধারণ হিন্দু দর্শকের মধ্যে এ নিয়ে কোনো ক্ষোভ নেই। ফলে বেশির ভাগেরই মান্য, শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোন ক্ষমতাসীন গেরুয়া শিবিরের নন বলেই তাদের বড় বাজেটের ছবিটি বাধা সৃষ্টি করতে চাইছে বিজেপির নেতাকর্মীরা।

চলতি বছর বলিউডে একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। এই ফ্লপ হওয়ার জন্য ছবির চেয়ে বেশি দায়ী বয়কট ট্রেন্ড। বলিউড ছবিগুলোতে উনিশ থেকে বিশ হতে না হতেই বিভিন্ন ইস্যু ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বর্জনের ডাক। বিষয়টি নিয়ে বলিউড এত দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের কাছে সিনেমা পৌঁছানোর সহজ উপায় সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু অনেক সময় এই মাধ্যমেই সিনেমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। এর প্রভাব পড়ে মানুষের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তাভাবনাকে সংকীর্ণ করে দিয়েছে। নেতিবাচক মন্তব্য তাদের মানসিকতার পরিচয় দেয়। তবে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও রয়েছে। আপনি, আমি আর আমাদের মতো ইতিবাচক মানুষ এখনো বেঁচে আছে।’ অমিতাভ বচ্চনও প্রথম এই ফেস্টিভ্যালে এসে শিল্প সৃষ্টিতে বাধা দেওয়ার বিরুদ্ধে কথা বলেন। শাহরুখ কথা বললেও এ ইস্যুতে এখনো চুপ দীপিকা। তিনি বরং ইতিহাস গড়েছেন কাতার বিশ্বকাপে। তিনিই প্রথম কোনো অভিনেত্রী যিনি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের সুযোগ পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত