যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুবই ভালো শঙ্কা নেই : মোমেন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০২:০৬ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আর এর জন্যই  বাংলাদেশকে পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র। গতকাল দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস-বিস) এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ মন্তব্য করেন। এ ছাড়া বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন। তার মতে, বিএনপির মুখে মানবাধিকার একটি ভাঁওতাবাজি।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মায়ের কান্না সংগঠনের একদল লোক ঘিরে ধরেছিলেন। ওই ঘটনা ঘিরে নিরাপত্তার উদ্বেগ জানাতে রাষ্ট্রদূত সরাসরি অনুষ্ঠানস্থল থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে যান। ১৫ ডিসেম্বর এ নিয়ে উদ্বেগ জানাতে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডাকা হয়েছিল।

পিটার হাসকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সম্পর্কে টানাপড়েন কিংবা নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। সুতরাং আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড়লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো এক দিকে আসে, আরেক দিক দিয়ে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেও আতঙ্কিত নই।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের ব্যাপকতা বোঝাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক। বিভিন্ন ক্ষেত্রে অনেক যুক্ততা আমাদের। এ বছর দুই দেশের মধ্যে সব মিলিয়ে অন্তত ১৬টা বৈঠক হয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো বলেই আমাদের পরামর্শ দেয়। এটা ভালো। এতে আতঙ্কের আর আশঙ্কার কোনো কারণ নেই।’

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভ্রমণ সতর্ক বার্তা হালনাগাদ করেছে। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আব্দুল মোমেন বলেন, ‘সেটা (ভ্রমণ সতর্ক বার্তা) ওদের দায়দায়িত্ব এড়ানোর জন্য। তাদের লোকজন এখানে এসে যদি আহত হয়, তাহলে যাতে দূতাবাসের দায়িত্ব নিতে না হয়। এটাতে দোষের কিছু নেই। আর বিষয়টি আপনারা বরং তাদেরই জিজ্ঞাসা করেন। আপনি (সাংবাদিক) কি দেশে কোনো আতঙ্ক দেখেন? তাহলে আপনি এটা নিয়ে এত আতঙ্কিত কেন?’

বিএনপির ২৭ দফার রূপরেখার ১৪ দফায় গুম, খুন ও মানবাধিকার রক্ষার কথা বলা হয়েছে। এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘২০০২ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাসনামলে দেশে হত্যা, গুম, খুন হয়েছে। তখন ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে। অপারেশন ক্লিনহার্টের নামে ৫৫ জন মানুষ মারা হয়েছে। একজন রাষ্ট্রদূতের ওপর বোমা হামলা হয়, তিনি তখন প্রাণে বাঁচলেও অনেকেই মারা যান। সে কারণে বিএনপির মুখে মানবাধিকার একটি ভাঁওতাবাজি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত