মেডিকেল পরীক্ষার ফির আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার আবদুস সাত্তার মিয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি দল আবদুস সাত্তারকে মেডিকেল চত্বর থেকে গ্রেপ্তার করে। মেডিকেল পরীক্ষার ফি থেকে সংগৃহীত অর্থ অপব্যবহারে জড়িত থাকার অভিযোগে তাকে ধরা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হয়।
আবদুস সাত্তারের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন সাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, আবদুস সাত্তার চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চিকিৎসাসেবা ও পরীক্ষার ফি বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
