সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

মেসিসহ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে আসতে বলেছি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৬:০৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় দেশটির দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। আমি সঙ্গে করে মেসি ও তার দলকে ঢাকায় নিয়ে আসতে বলেছি। মেসি যদি আসে তাহলে অনেক ভালো হবে।

গতকাল বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (পিআরআই) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর বনানীতে পিআরআই মিলনায়তনে ড. আবদুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য আজ (গতকাল) জানিয়েছেন। আমি বলেছি, সঙ্গে করে যেন লিওনেল মেসি ও তার দলকেও নিয়ে আসেন। তাহলে ভালো হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত