গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত মোতালেব হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এর আগে গতকাল সকাল ১০টার দিকে কাপাসিয়ার ভুবনেরচারা এলাকায় হামলার ওই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন মোতালেবের স্ত্রী মমতাজ বেগম, ছেলে মাসুম ও ছেলের বউ রোকসানা।
মেয়ের স্বামী মো. জিয়াউর রহমান জানান, নিহত মোতালেব হোসেন তার ফুপাতো বোনদের কাছ থেকে এক বিঘা জমি কেনেন কিছুদিন আগে। তবে সেই জমি দখল করে ছিল আরেক ফুপাতো বোন আছিয়ার পরিবার। এ নিয়ে ২-৩ মাস আগে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন মোতালেব। এ ছাড়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছিলেন। গতকাল সকালে তিনি স্ত্রী মমতাজ বেগম, ছেলে মাসুম ও ছেলের বউ রোকসানাকে নিয়ে সেই জমিতে যান। তখন ফুপাতো বোন আছিয়া, তার ছেলে রাকিব ও রাসেল তাদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে আহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে এরপর মোতালেবকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ জানান, মোতালেবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রেখে ঘটনাটি কাপাসিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
