দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত প্রতিটি আসরেই তিনি ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। গড়ছেন রেকর্ডের পর রেকর্ড। সোমবার ষষ্ঠ আন্তঃসার্ভিস ভারোত্তোলন প্রতিযোগিতায় আরেকবার রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া। তিনি মোট ১৮১ কেজি তুলেছেন। এর মধ্যে রেকর্ড গড়েছেন ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি ওজন তুলে। স্ন্যাচে তুলেছেন ৭৮ কেজি।
নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর মাবিয়া আক্তার সীমান্ত বলেছেন, ‘আমার ইভেন্টে কেউ ধারেকাছেও আসতে পারছেন না। কিন্তু আমি চাই নতুন কেউ উঠে এসে আমাকে চ্যালেঞ্জ জানাক। লড়াই করে পদক জিতলে আরো ভালো লাগবে।’
তিন দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোমবার ছেলে ও মেয়েদের ৭টি ইভেন্ট হয়েছে। মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া ক্লিন অ্যান্ড জার্কে ৮৮ কেজি তুলে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মোট ১৫৫ কেজি তুলে। স্ন্যাচে তুলেছেন ৬৭ কেজি।
৭১ কেজিতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মনীরা কাজী। তিনি স্ন্যাচে রেকর্ড ৭৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০০ কেজি এবং মোট রেকর্ড ১৭৫ কেজি তুলে স্বর্ণ জিতেছে।
দ্বিতীয় দিনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম। তিনি স্ন্যাচে ১২৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৫৩ কেজিসহ মোট ২৮২ কেজি তুলে রেকর্ড গড়েছেন।
