মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার সকাল ১১টায় মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত এই চার নেতার মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মঈন খান।

বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের কোনো হাফ ভাড়া থাকবে না। যারা র‌্যাপিড পাস কিনবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন। তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি।

ওবায়দুল কাদের জানান, আপাতত ৬ কোচবিশিষ্ট ২৪ সেট চালু থাকবে। তবে ভবিষ্যতে ৮ কোচে উন্নীত করা যাবে। মাঝের চারটি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন, ট্রেইলর কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন যাত্রী পরিবহন করা যাবে। ৬ কোচবিশিষ্ট মেট্রোরেলে মোট আসন সংখ্যা ৩০৬টি। মাঝের চারটি কোচের প্রতিটিতে আসন সংখ্যা ৫৪টি, ট্রেইলর কোচের প্রতিটিতে আসন সংখ্যা ৪৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত