ভারতের সঙ্গে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, এ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে। গতকাল বুধবার লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি আরও বলেন, ‘তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। আমরাও খসড়া করে ভারতের সঙ্গে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এমএ মান্নান বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আসুন ভোটেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।’
মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন গোকু-া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশীদ টোটন।
