বৃষ্টি ও কুয়াশা বাড়িয়েছে শীতের তীব্রতা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ এএম

পৌষের মাঝামাঝি এসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে গেল দুই দিনে। আজ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে দেশের দক্ষিণাঞ্চলে। এই বৃষ্টিতে হঠাৎ করেই কমে যায় শীতের তীব্রতা। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিনে ধারাবাহিকভাবে কমতে থাকবে তাপমাত্রা, বাড়বে শীত। আর বাতাসের বাড়তি আর্দ্রতার কারণে পড়বে ঘন কুয়াশা। যে কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি কিছুটা তীব্র হবে। এর ফলে ইতিমধ্যে শীতের কারণে বিপাকে পড়া বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছাবে চরমে।

গতকাল বুধবার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা কিছুটা কমে আসবে। ইতিমধ্যে বুধবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল গত ১৭ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এই নিম্নচাপের প্রভাবে সারা দেশের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এখন নিম্নচাপটি কেটে যাওয়ায় এর প্রভাবে বৃষ্টি ঝরেছে এবং তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। পরবর্তীকালে আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়তে পারে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছিল। সেই হিসেবে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েক দিনে তা মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ দেশ রূপান্তরকে বলেন, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় দেশের বেশিরভাগ এলাকায়ই ঘন কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার থেকেই কয়েকটি এলাকা ও নদী অববাহিকায় ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হবে।

তিনি বলেন, আগামী তিন-চার দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতিটা বেশি হবে। কোনো এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস হলেও সেখানে শীতের প্রকৃত অনুভূতি হতে আর তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত