কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে। অভ্যন্তরীণ উৎপাদন ভাােলা হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি।
কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন ওয়াহিদা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। একইসঙ্গে বিদায়ী কৃষি সচিব মো. সায়েদুল ইসলামকে মন্ত্রী ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি। আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এবছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।
নবনিযুক্ত কৃষি সচিব ওয়াহিদা আক্তার ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। সচিব হিসেবে সদ্য পদোন্নতির আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
