শাকিব খানের সঙ্গে ‘ধূমকেতু’, আরিফিন শুভর সঙ্গে ‘ভালো থেকো’, নিরবের সঙ্গে ‘ভোলা তো যায় না তারে’, ইমনের সঙ্গে ‘বিয়ে আমি করব না’সহ চারটি সিনেমায় অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল তানহা তাসনিয়া। তবে এবার তাকে বড়পর্দায় দেখা যাবে ভিন্ন ইমেজে। নতুন ছবি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
নতুন সিনেমা...
আমার নতুন সিনেমা ‘রুখে দাঁড়াও’ ক্যাম্পাস পলিটিকস নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ সরকার। এখনো চিত্রনাট্য পাইনি, পরিচালকের মুখে গল্প শুনেই ভালো লেগেছে। তাই সিনেমাটি করতে সম্মতি দিয়েছি। একটি ক্যাম্পাসের গল্প। যেখানে মাদকসহ নানা কিছু নিয়ে আমি প্রতিবাদ করি। ছবিটির গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন ভিন্ন গল্পে আগে কাজ করিনি। ড্রামা ও অ্যাকশন ঘরানার ছবিটি সব শ্রেণির দর্শকের জন্য। আমার কাছে মনে হয়েছে, মনের মতো গল্প ও চরিত্র পেলাম। তাই ক্যারিয়ারের ৫ নম্বর চলচ্চিত্র নিয়ে আমি আশাবাদী। শ্যুটিং নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কয়েকবার পরিচালকের সঙ্গে গল্প নিয়ে বসেছি। সিনেমায় আমার নায়ক হিসেবে রয়েছেন কায়েস আরজু। সিনেমায় আরও অভিনয় করছেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা ও কাজী হায়াৎ।
প্রস্তুতি...
আগের চারটি সিনেমাই বাণিজ্যিক ঘরানার। তার চেয়ে স্পষ্ট করে বলতে গেলে আমি প্রেমিকার চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। কিন্তু এবারই প্রথম সিনেমার পর্দায় ভিন্ন কিছু করার সুযোগ পাচ্ছি। তাই আমি অনেক এক্সাইটেড। কাজটি মনোযোগ দিয়েই করতে চাই। চিত্রনাট্য এখনো হাতে না পাওয়ায় সেভাবে প্রস্তুতিটাও নিতে পারছি না। শিগগিরই চিত্রনাট্য হাতে পাব। তখন চরিত্রের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া শুরু করব। সিনেমার শ্যুটিংয়ের বেশি দিন হাতে নেই, এর মধ্যেই দেশের বাইরেও যেতে হচ্ছে আমাকে। শ্যুটিং শুরু হবে জানুয়ারির ৮ তারিখ থেকে। টানা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে শ্যুটিং। গাজীপুর, ধামরাই, মণিপুর ও ঢাকায় শ্যুটিং করব।
প্রেমিকার বাইরে...
এটা সত্যি যে, আমি সিনেমায় এবারই প্রথম প্রেমিকা চরিত্রের বাইরে কাজ করতে যাচ্ছি। তবে আমি সব সময় চেয়েছি নিজেকে ভেঙে গড়ে নতুন নতুন চরিত্রে ঢেলে সাজাতে। যেহেতু সিনেমায় খুবই বেছে বেছে কাজ করি, তাই এখানে সেই সুযোগ পাইনি। কিন্তু বছরে হাতে গোনা যে দু-চারটি নাটক কিংবা ওয়েব সিরিজ করি সেখানে আমি গল্পনির্ভর কাজই করতে চাই। প্রেমের গল্প যেমন থাকে, তেমনি জীবনঘনিষ্ঠ গল্পতেও কাজ করি। সম্প্রতি ‘ডোম’ নামে রাশেদ রাহা একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ করেছি। নানা প্রশ্নের রহস্য উন্মোচিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে। সিরিজটি এরই মধ্যে দুই মিলিয়নের বেশি দর্শক দেখেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি। সেখানে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে দর্শক আমাকে দেখছে। সেখানে গ্ল্যামারাস তানহাকে খুঁজে পাওয়া যাবে না।
