ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৯ বছর। মোদির মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আপনার প্রিয় মা শ্রীমতী হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, হীরাবেন গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তার ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন। শারীরিক অবস্থার অবনতি হলে দিন কয়েক আগে তাকে গুজরাটেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর পর নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘একটি মহিমান্বিত শতাব্দী ঈশ্বরের চরণে বিশ্রামে গেলেন।’
এর আগে গত বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি তার মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন। গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সঙ্গে সময় কাটাতে রায়সানে যেতেন।
হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানার ভাদনগরে জন্মগ্রহণ করেন। শতবর্ষী এই নারীর মৃত্যুর পর পাঠানো শোকবার্তায় শেখ হাসিনা হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘শ্রীমতী হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি।’ শোকবার্তায় হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন শেখ হাসিনা।
